
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সোনাপাহাড় এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।
তিনি আরও জানান, রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে স্বাভাবিক ট্রেন চলাচল চালুর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটের একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন অতিক্রম করার পর অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।








