রবিবার ৭ জুন, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাভার্ড ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Covered van driver dies in road accident in Chauddagram, Comilla
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাভার্ড ভ্যানচালকের/ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাজী জাফর (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী জাফর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কাজী জাফর গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন