শনিবার ১ আগস্ট, ২০২৬

কুমিল্লায় কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা ডেস্ক

কারাগার থেকে পালানোর দুই বছর পর কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানোর দুই বছর পর কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসে অভিযান চালিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে তিতাস থানার বাতাকান্দি বাজার এলাকা থেকে মো. মোয়াজ্জেম হোসেন (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট কাজরা এলাকার তারা মিয়ার ছেলে।

র‍্যাব-১১-এর ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-২-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, মোয়াজ্জেম ঢাকার মতিঝিল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলাটির বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় কয়েকজন বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। মোয়াজ্জেমও ওই ঘটনায় পালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ১৯৯ জনকে আসামি করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তার মোয়াজ্জেমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন