বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনার শিকার হেফাজত আমিরের গাড়ি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Hefazat chiefs car involved in road accident in Feni.
ফেনীতে সড়ক দুর্ঘটনার শিকার হেফাজত আমিরের গাড়ি/ছবি: সংগৃহীত

ফেনীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। এতে গাড়িটির পেছনের অংশ ও গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও বাবুনগরীসহ তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি হায়েস গাড়ির পেছনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে হায়েস গাড়িটির পেছনের গ্লাস ভেঙে যায় এবং গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি।

দুর্ঘটনার পর বাবুনগরীকে অন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে নোয়াখালীতে পূর্বনির্ধারিত কর্মসূচিতে পাঠানো হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। পরে বাসটির মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, বাসের ধাক্কায় বাবুনগরীকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে গেছে। তবে আমিরে হেফাজত ও তার সঙ্গে থাকা কারও কোনো সমস্যা হয়নি। পরে তিনি অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়েছেন।

হেফাজত নেতা ও খেলাফত মজলিসের ফেনী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, দুর্ঘটনার পর আমিরে হেফাজত সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নোমান জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

আরও পড়ুন