সোমবার ২২ জুন, ২০২৬

কুমিল্লার তিতাসে গোমতীর পানিতে তলিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র মিরাজ, চার ঘণ্টা পর উদ্ধার মরদেহ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Miraj slipped and fell into the Gomti River in Comilla's Titas, his body was recovered four hours later
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে মিরাজ হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মোশাররফ হোসেন মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়। সে কুমিল্লার কালাগাউছিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসা থেকে বাড়িতে আসে মিরাজ। রোববার দুপুরে বাড়ির পাশের গোমতী নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টাব্যাপী তল্লাশির পর বিকেলে নদী থেকে মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে গভীর শোক ও বিষাদের পরিবেশ।

আরও পড়ুন