
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বর্ধিত রুটে ট্রেনটি চলাচল শুরু করতে পারে।
নতুন এ উদ্যোগ বাস্তবায়ন হলে কুমিল্লাসহ ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও ফেনীর যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে এসব এলাকা থেকে কক্সবাজারে সরাসরি ট্রেন না থাকায় যাত্রীদের সড়কপথে পর্যটন নগরীতে যেতে হয়।
রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে দুই জোড়া এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে।
রেলওয়ের ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ (ডব্লিউটিটি) অনুযায়ী, মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামে পৌঁছায় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। পথে বিমানবন্দরসহ ১২টি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে।
বিমানবন্দর ছাড়া নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও কুমিরা স্টেশনে মহানগর এক্সপ্রেস থামে। ফলে রুট সম্প্রসারণ হলে এসব এলাকার যাত্রীরাও সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু হলে মহানগর এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে সকাল ৬টার দিকে কক্সবাজারে পৌঁছাতে পারে। ফিরতি ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একদিকে যাত্রায় সময় লাগতে পারে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত ১১টায় ছেড়ে সকাল ৭টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছায়। অন্যদিকে পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় ঢাকা থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছায় বেলা ২টা ৪০ মিনিটে।
তবে রুট সম্প্রসারণের আগে কক্সবাজারে মহানগর এক্সপ্রেসের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং নতুন রুটে চলাচলের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করছে রেলওয়ে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচি ও পরিচালনা নিয়েও যাত্রীদের মধ্যে অভিযোগ রয়েছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন রুটে মহানগর এক্সপ্রেস চালু হলে সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
এ বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস বলেন, কক্সবাজার রুটে বিপুল যাত্রীর চাহিদা রয়েছে। এ কারণে মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত চালানোর প্রস্তুতি চলছে। এতে যাত্রীরা আরও স্বস্তি ও নিরাপদে পর্যটন শহরে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে রেলওয়ের আয়ও বাড়বে।










