বুধবার ২৯ এপ্রিল, ২০২৬

কালবৈশাখী ও বৃষ্টিতে কুমিল্লার বরুড়ায় বিদ্যুৎ বিপর্যয়, দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Power outage in Barura, Comilla due to Kalbaisakhi and rain, minister assures quick solution
কালবৈশাখী ও বৃষ্টিতে কুমিল্লার বরুড়ায় বিদ্যুৎ বিপর্যয়, দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লার বরুড়া উপজেলায় বিগত কয়েকদিনের কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং অনেক পরিবারের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে পুরো উপজেলায় বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বরুড়াবাসীর দুর্ভোগের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক ঝড় ও বৃষ্টির কারণে বিদ্যুৎ লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তা তিনি গভীরভাবে অনুভব করছেন।

মন্ত্রী আরও জানান, বৈরি আবহাওয়া ও জনবল সংকটের মধ্যেও দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের কর্মীরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যদিও টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। একই সঙ্গে তিনি বরুড়াবাসীর ধৈর্য ও সহযোগিতা কামনা করেন এবং সকলকে নিরাপদ থাকার আহ্বান জানান।

স্থানীয় প্রশাসন, পল্লী বিদ্যুৎ বিভাগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন