বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে মিলল চাঁদপুর থেকে চুরি হওয়া পিকআপ, গ্রেপ্তার ১

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Pickup stolen from Chandpur recovered in Noakhali, one arrested
নোয়াখালীতে মিলল চাঁদপুর থেকে চুরি হওয়া পিকআপ, গ্রেপ্তার ১/ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি পিকআপ নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালীর সুধারাম থানাধীন দত্তের হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর জগদানন্দ এলাকার আমিন উল্যাহর ছেলে।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তের অংশ হিসেবে নোয়াখালীতে অভিযান চালানো হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়ার নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেখানো মতে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করে পুলিশ।

হাজীগঞ্জ থানার ওসি মো. কাওসার আলম ভূঁইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন