বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার বরুড়ায় চালু হল এ কে এম আবু তাহের ২০ শয্যা হাসপাতাল

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - A.K.M. Abu Taher 20-Bed Hospital inaugurated in Barura, Cumilla.
কুমিল্লার বরুড়ায় চালু হল এ কে এম আবু তাহের ২০ শয্যা হাসপাতাল/ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে উদ্বোধন করা হয়েছে মরহুম এ কে এম আবু তাহের ২০ শয্যা হাসপাতাল। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বরুড়াসহ আশপাশের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। সামান্য চিকিৎসাসেবার জন্য যেন এ অঞ্চলের মানুষকে দূরের হাসপাতালে ছুটতে না হয়, হাসপাতালটি সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি হাসপাতালের চিকিৎসাসেবা নিয়মিত ও কার্যকরভাবে চালু রাখা এবং সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

হাসপাতালটির কার্যক্রম শুরু হওয়ায় বরুড়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হওয়ায় বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্থানীয়ভাবে জরুরি স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মরহুম এ কে এম আবু তাহেরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে প্রতিষ্ঠিত হাসপাতালটি ভবিষ্যতে এলাকার মানুষের জন্য কার্যকর, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

উল্লেখ্য, কুমিল্লার বরুড়া উপজেলার সাবেক সংসদ সদস্য, শিল্পপতি ও সমাজসেবক মরহুম এ কে এম আবু তাহেরের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এ কে এম আবু তাহের। ব্যবসা ও শিল্পের পাশাপাশি তিনি রাজনীতিতে যুক্ত হন। বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-৭, বর্তমান কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ কে এম আবু তাহের ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে নির্বাচিত হয়ে তিনি অষ্টম জাতীয় সংসদেও দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি দেশের ব্যবসা ও ব্যাংকিং খাতেও পরিচিত ছিলেন তিনি। প্রকাশিত জীবনীমূলক তথ্যে তাঁকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা, স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতেও তাঁর ভূমিকার কথা উঠে এসেছে।

আরও পড়ুন