
জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শহীদ বিপ্লবীদের স্মরণে ‘পেশাজীবী সমাজের জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশের পেশাজীবী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্। বক্তব্য রাখেন এনপিএর সদস্য সচিব তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল, এনসিপির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি দক্ষ, জবাবদিহিমূলক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশের পেশাজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীরা একটি মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে দলীয় নেতাদের নিয়োগ দিচ্ছে দক্ষতা উপেক্ষা করে। এর বিরুদ্ধে পেশাজীবী সমাজকে সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে বেসরকারি চাকরিজীবী, ফ্রিল্যান্সার, উন্নয়ন কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।










