
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের সালাম রোডে উচ্ছেদ হওয়া ভাসমান হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুরবস্থা দেখার যেন কেউ নেই! জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করায় এখন অনেকেরই দিন চলছে অনাহার-অর্ধাহারে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ২১ জুলাই নবীনগর সদরের যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ফুটপাতে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, উচ্ছেদের পর তাদের বিকল্প কোনো জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা শতাধিক পরিবার এখন চরম সংকটে পড়েছে।
তাদের আরও অভিযোগ, যানজট নিরসনের উদ্দেশ্যে উচ্ছেদ করা হলেও বর্তমানে সেই ফুটপাতের একটি অংশ অস্থায়ী অটোরিকশা স্টেশনে পরিণত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে অসহায় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন আহমেদের কাছে পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী মো. তারা মিয়ার সভাপতিত্বে এবং মো. ফজলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন হকার মাওলানা সফিকুল ইসলাম, ক্ষুদ্র ব্যবসায়ী মো. আয়ুব মিয়া, প্রবীর ভৌমিক, মো. লিমনসহ আরও অনেকে।
হকার মাওলানা সফিকুল ইসলাম বলেন, “আমার এখন না খাইয়া মরার অবস্থা। ৩০-৩৫ বছর ধইরা ব্যবসা কইরা আইতাছি। এখন যদি কোনো কামও করতে না পারি, তাইলে ক্যামনে চলমু? আমাগো বাঁচান।”
ক্ষুদ্র ব্যবসায়ী আয়ুব মিয়া বলেন, “ছোটবেলা থেকেই ফুটপাতে ব্যবসা করি। অন্য কোনো কাজ জানি না। চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন, এমপি সাহেব যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন।”
প্রবীর ভৌমিক বলেন, “অন্য কোথাও ব্যবসার জায়গা দিলে অন্তত চলতে পারতাম। একেবারে উঠিয়ে দিয়েছে। আগে বাজারে জায়গা ছিল, এখন সব জায়গায় দোকানপাট হয়ে গেছে। আমরা যাব কোথায়?”
লিমন বলেন, “বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব নিতে লেখাপড়া ছেড়ে ব্যবসা শুরু করি। এখন ব্যবসা না থাকায় পুরো পরিবার অনিশ্চয়তায়। দিন এনে দিন খেতাম, এখন কী করব বুঝতে পারছি না।”
নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এসব হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী নবীনগর বাজারে ব্যবসা করে আসছেন। উচ্ছেদের ফলে তারা এখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, “তারা আমার কাছে এসেছেন, আমি যেন নবীনগরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে তাদের পুনর্বাসনের বিষয়টি তুলে ধরি। আমি অবশ্যই তাদের দাবি এমপি মহোদয়ের কাছে পৌঁছে দেব এবং পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। গরিব মানুষের জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।”
তিনি আরও অভিযোগ করেন, বাজারে সামান্য জায়গা ফাঁকা হলেই বিভিন্ন ব্যক্তি লিজ নিয়ে দোকান নির্মাণ করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করা হকারদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।










