
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিএনপির ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
রোববার (১৯ জুলাই) ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের সামনে দলটির আর্থিক হিসাব তুলে ধরেন।
রিজভী জানান, বছরের শুরুতে বিএনপির প্রারম্ভিক স্থিতি ছিল ২১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫ টাকা। ২০২৫ সালে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে বছরের শেষে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।
তিনি আরও জানান, বর্তমানে বিএনপির ব্যাংক হিসাবে গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা। এছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট স্থিতি দাঁড়িয়েছে ২৮ কোটি ৭ লাখ ৩৬০ টাকা।
আয়-ব্যয়ের হিসাব যথাযথ নিয়ম মেনে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দলীয় অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার অংশ হিসেবেই এ হিসাব জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে জনগণের ভোটে পরিচালিত রাজনৈতিক দলের আয়, ব্যয় ও অর্থের উৎস সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিএনপির মোট আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, আর ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।
এর আগে ২০২৩ সালে দলটির মোট আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা, আর ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী বিএনপির আয় ও ব্যয়—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।










