শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

‘একটা মারলে দুইটারে মারবো, প্রয়োজনে জামায়াত ছাড়ব’: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

‘ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মার খেতে পারবো না। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে জামায়াত ছেড়ে দিব।’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে এসব কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘ছবর-মবর এখন আর নেই। ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মাইর খেতে পারবো না। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে জামায়াত ছেড়ে দিব। আমি মাইর খেতে পারবো না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। ওই সময় দেওয়া বক্তব্যের ১৬ সেকেন্ডের একটি অংশ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একই বক্তব্যসংবলিত পোস্ট দেন সংসদ সদস্য আমির হামজা।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতা মো. শাজাহানের কার্যালয় ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

ঘটনার পরদিন সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান সংসদ সদস্য মুফতি আমির হামজা। সেখানে গিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ওই বক্তব্য দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন