
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডিফেন্ডার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি ঘিরে তুরস্কের সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কার্লোস নিজেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
তুরস্কের ‘হাবেরলার’সহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস।
প্রতিবেদনগুলোতে বলা হয়, শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। ওই সাক্ষাতের সময়ই তিনি ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।
কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পেছনে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও আলোচনায় এসেছে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পর এক্সে দেওয়া পোস্টে শাহিন জানান, সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে তাঁর দেখা হয়েছে।
শাহিনের দাবি, শেখ হামাদা তাঁকে জানিয়েছেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তাঁর সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ করেছেন।
এদিকে কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, মরক্কোর নাগরিক সোহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন কার্লোস। এর আগে স্প্যানিশ-মরোক্কান বংশোদ্ভূত এল তাহিরির সঙ্গে কার্লোসের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল।
সোহাইলা এল তাহিরি ফিফা অনুমোদিত ফুটবল এজেন্ট হিসেবে কাজ করেন এবং খেলোয়াড়দের ক্যারিয়ার ও পেশাগত বিষয় পরিচালনার সঙ্গে যুক্ত। চলতি বছরের জানুয়ারিতে কার্লোসের সঙ্গে তাঁর সম্পর্কের খবর সামনে আসে। গত ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করছেন, কার্লোসের ইসলাম গ্রহণের পেছনে তাঁর স্ত্রী সোহাইলার ভূমিকা থাকতে পারে। তবে এ দাবিরও কোনো আনুষ্ঠানিক ভিত্তি পাওয়া যায়নি।
ফলে তুরস্কের সংবাদমাধ্যম ও এমপি আলী শাহিনের বক্তব্যে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি করা হলেও, তিনি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি না—এ মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কার্লোসের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলেছেন। পেশাদার ক্যারিয়ারে তুরস্কের ক্লাব ফেনারবাহচের হয়েও মাঠ মাতিয়েছেন এই কিংবদন্তি ডিফেন্ডার।










