রবিবার ২ আগস্ট, ২০২৬

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Over 14,000 illegal migrants detained in Saudi Arabia in one week.
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক/ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত এক সপ্তাহব্যাপী যৌথ অভিযানে ১৪ হাজার ১৫৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের, ৪৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা অন্যভাবে সহায়তা দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৩০ হাজার ৬৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ১৮৭ জন পুরুষ এবং ২ হাজার ৪৯২ জন নারী।

তথ্যসূত্র: সৌদি গেজেট

আরও পড়ুন