
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশের সব থানার উদ্যোগে দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।










