বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

রাইজিং কুমিল্লা ডেস্ক

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা/ছবি: এআই/

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা। প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি লাগবে না। বরং অনাবাসিক প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়ার পাশাপাশি খাবারের ব্যবস্থাও থাকবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা বাধ্যতামূলক।

প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে (http://www.dzaiproject.com/apply) অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবেদন করার সুযোগ বন্ধ হয়ে যাবে।

আবেদন সম্পন্ন হলে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষাকেন্দ্রের তথ্য মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় হবে নির্বাচন

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার ভিত্তিতে ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি প্রশিক্ষণার্থী নির্বাচনের দায়িত্ব পালন করবে।

প্রশিক্ষণে যেসব সুবিধা পাওয়া যাবে

এ প্রশিক্ষণের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অংশগ্রহণকারীদের কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। পাশাপাশি অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

নির্ধারিত শর্ত পূরণ করে সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

চার প্যাকেজে ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম

দেশের আটটি বিভাগের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে চারটি প্যাকেজ নির্ধারণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটি।

প্যাকেজ-৩-এর অধীনে বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অন্যদিকে প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ।

তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তরুণদের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার তরুণ-তরুণীরা এআই প্রযুক্তির মৌলিক বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন