বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

পরিবেশগত শর্ত পূরণে বন্ধ ট্যানারি চালুতে আর্থিক সহায়তা দেবে সরকার

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - tannery
ছবি: সংগৃহীত

পরিবেশগত শর্ত পূরণ সাপেক্ষে সাভারের চামড়া শিল্প নগরীর বন্ধ ও রুগ্ন ১৫টি ট্যানারি পুনরায় চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এমন উদ্যোগে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানাগুলো সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে নতুন করে আশার আলো দেখছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

তবে ট্যানারিগুলো চালুর পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন, নিজস্ব বর্জ্য শোধনাগার স্থাপন এবং আন্তর্জাতিক পরিবেশগত মান নিশ্চিত করাকে শিল্পটির টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বন্ধ ট্যানারিগুলো পুনরায় চালু করতে সরকারি সহায়তার ঘোষণা দেন। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট আয়তনের প্রতিটি ট্যানারিতে নিজস্ব ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপন করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বিসিক চামড়া শিল্প নগরীর তথ্য অনুযায়ী, সাভারের চামড়া শিল্প নগরীতে মোট ১৬২টি ট্যানারির জন্য জায়গা বরাদ্দ রয়েছে। এর মধ্যে বর্তমানে ১৪৭টি ট্যানারি পূর্ণাঙ্গভাবে চালু আছে। চারটি রয়েছে রুগ্ন অবস্থায় এবং ১১টি এখনো উৎপাদন শুরু করতে পারেনি।

রুগ্ন ট্যানারিগুলো হলো—ফিনিক্স লেদার কমপ্লেক্স, ভূঁইয়া ট্যানারি, মিল্লাত ট্যানারি ও কমলা ট্যানারি।

অন্যদিকে, উৎপাদন শুরু করতে না পারা ১১টি প্রতিষ্ঠান হলো—নবীপুর ট্যানারি, দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি, চৌধুরী লেদার অ্যান্ড কোং, করিম লেদারস, করিম লেদার ইউনিট-২, হোসেন ব্রাদার্স, রানা লেদার ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ট্যানারিজ, হেলেনা এন্টারপ্রাইজ, জামিলা ট্যানারি ও ভিক্টরি জিলাটিন প্রোডাক্টস।

সিইটিপির সক্ষমতা নিয়ে উদ্বেগ

ট্যানারি শিল্পের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের সময় দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধনের সক্ষমতা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে এর কার্যকর সক্ষমতা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটারে।

অথচ চামড়া প্রক্রিয়াজাতকরণের মৌসুমে প্রতিদিন প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপন্ন হয়। ফলে বিপুল পরিমাণ বর্জ্য যথাযথভাবে শোধন না হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ধলেশ্বরী নদীসহ আশপাশের পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে।

বন্ধ ট্যানারিগুলো পুনরায় চালুর সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারির স্বত্বাধিকারী মো. বিপ্লব সরকার। তিনি বাসসকে বলেন, সরকারের সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্যানারির মালিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি কারখানায় নিজস্ব ইটিপি স্থাপন, সিইটিপিকে কার্যকর করা এবং বিদেশ থেকে কাঁচা চামড়া আমদানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ বলেন, ট্যানারিগুলো উচ্চ আদালতের চারটি নির্দেশনা অনুসরণ করে প্রি-ট্রিটমেন্ট বা প্রাথমিক বর্জ্য শোধন করলে কেন্দ্রীয় শোধনাগারের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১৮ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধন সম্ভব।

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ অনুযায়ী, প্রতি টন কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৩০ ঘনমিটার পানি ব্যবহার করা যাবে। এই সীমা অনুসরণ করলেও দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতিতে সিইটিপির সংস্কার, আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।

এদিকে, বিসিকের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মেহরাজুল মাঈয়ান জানান, চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত সাভারের চামড়া শিল্প নগরীতে প্রক্রিয়াজাতকরণের জন্য ২৮ লাখ ৮৯ হাজার ৪৮৬টি চামড়া আনা হয়েছে।

আরও পড়ুন