বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

দেশে প্রজনন হারে ভোলা শীর্ষে: কেমন অবস্থানে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া?

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে জেলাভিত্তিক প্রজনন হার ও বাল্যবিবাহের চিত্রে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন এক জরিপে। এতে প্রজনন হারের দিক থেকে জাতীয় গড়ের ওপরে রয়েছে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। তিন জেলার মধ্যে সর্বোচ্চ প্রজনন হার নোয়াখালীতে ৩ দশমিক ০০। অন্যদিকে লক্ষ্মীপুরে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২ দশমিক ৮০। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ৪০। সে হিসাবে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া—তিন জেলাতেই প্রজনন হার জাতীয় গড়ের চেয়ে বেশি।

তিন জেলার মধ্যে নোয়াখালীতে প্রজনন হার ৩ দশমিক ০০, যা দেশের সর্বোচ্চ প্রজনন হার থাকা ভোলা জেলার ৩ দশমিক ৫০-এর পর উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। লক্ষ্মীপুরে এ হার ২ দশমিক ৯০। একই হারে রয়েছে সুনামগঞ্জ ও বরিশাল জেলা। আর ব্রাহ্মণবাড়িয়ায় প্রজনন হার ২ দশমিক ৮০, যা শেরপুর ও গাইবান্ধা জেলার সমান।

অন্যদিকে দেশের ৬৪ জেলার মধ্যে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, ৩ দশমিক ৫০। দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদারীপুর, ৩ দশমিক ৩০। বিপরীতে খুলনা বিভাগের বাগেরহাটে এ হার সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ৫০।

বাল্যবিবাহেও রয়েছে উদ্বেগজনক চিত্র

প্রজনন হারের পাশাপাশি বাল্যবিবাহের পরিসংখ্যানেও দেশের জেলাগুলোর মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। জরিপ অনুযায়ী, জাতীয় পর্যায়ে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।

জেলাভিত্তিক হিসাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। এরপর রয়েছে চুয়াডাঙ্গা ৬৭ দশমিক ৯ শতাংশ, ভোলা ৬৫ শতাংশ, সিরাজগঞ্জ ৬৩ দশমিক ১ শতাংশ এবং কুষ্টিয়া ৬২ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেটে, ১২ দশমিক ৮ শতাংশ। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এ হার ২৪ দশমিক ৪ শতাংশ এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ।

বিবিএসের এ প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে দেশের ৬৪ জেলা ও তিনটি সিটি করপোরেশনের চিত্র তুলে ধরা হয়েছে। ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন