
বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।
সোমবার (৩১ আগস্ট) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সরকার সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করছে। পাশাপাশি প্রবাসীদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিদেশের শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক শ্রমবাজারে যে ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়ন করা হচ্ছে।
নুরুল হক নূর আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশের তরুণদের জন্য বিদেশে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে প্রতিমন্ত্রী বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।









