
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ না হলেও নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে। এতে স্থানীয় নির্বাচন উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, “আমরা চাই ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে উঠুক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়।”
রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে বহু সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।









