
শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ শেনজেন দেশগুলোর দূতাবাসগুলো।
সোমবার (১১ জুন) ভ্রমণকারীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, শেনজেন ভিসা ভ্রমণের পূর্বানুমতি দিলেও কোনো দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশের হাতে থাকে। তাই ভ্রমণকারীদের অবশ্যই প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখতে হবে, যাতে প্রয়োজন হলে সীমান্ত পুলিশ তথ্য যাচাই করতে পারে।
এর আগে সোমবার (৪ মে) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার বিষয়ে সতর্কবার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে শেনজেন অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো শেনজেন দেশে অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে।
এ ধরনের ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের ভিসার নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাসগুলো।
উল্লেখ্য, শেনজেন অঞ্চল ইউরোপের ২৭টি দেশের সমন্বয়ে গঠিত। একক শেনজেন ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পাওয়া যায়। এই ভিসার আওতায় ইউরোপের ২৯টি সদস্যভুক্ত দেশে—যার মধ্যে ২৭টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং ৪টি অ-ইইউ দেশ রয়েছে—সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।






