বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে স্কুল-মাদ্রাসায় যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ, ৩ দিনেও সন্ধান নেই

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Two sixth-grade students go missing while on their way to school and madrasa in Lakshmipur, no trace found even after three days.
লক্ষ্মীপুরে স্কুল-মাদ্রাসায় যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ, ৩ দিনেও সন্ধান নেই

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে পৃথকভাবে নিখোঁজ হয়েছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে ওই দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা। এ ঘটনায় সোমবার রাতে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের পরিবার।

নিখোঁজ আরাফাত সায়েম রায়পুরের কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে, মো. ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে সায়েম স্কুলে এবং মিনহাজ মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দিনভর তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে সোমবার রাতে থানায় পৃথক জিডি করা হয়।

এদিকে, নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তাদের পরিবারের সদস্য ও স্বজনরা। তারা শিক্ষার্থী দুটির সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, ‘রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়েছে। এরপর সারাদিন আর বাড়িতে ফেরেনি। আমরা সব আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। পরে সোমবার রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তাদের সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে।’

পরিবারের সদস্যরা দ্রুত নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়ার আশায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন