
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণের দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ জুন) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গোকর্ণঘাট এলাকায় ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার কর্তন করে ও ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিজিডিসিএল জানায়, অভিযানকালে সাতটি গ্যাস রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩/৪ ইঞ্চি ব্যাসের ২৫ মিটার এমএস পাইপ অপসারণ করে জব্দ করা হয়েছে।
এ সময় গ্যাস আইনের বিধান লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণের অপরাধে একজন ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ রোধ, গ্যাসের অপচয় প্রতিরোধ এবং নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









