রবিবার ২৩ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস ভারতীয় কম্বল জব্দ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - 426 Indian blankets seized during bus search in Brahmanbaria.
ব্রাহ্মণবাড়িয়ায় বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস ভারতীয় কম্বল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করা হয়।

রোববার (২৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী রোমার পরিবহনের একটি বাসকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসটি থেকে ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা কম্বলগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন