
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা।
এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জেলার সব শ্রেণি-পেশার নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও যোগাযোগ আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম।









