
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদনপ্রাপ্ত বাসগুলোই কেবল সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল।
আইনজীবী রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০(এ) ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। কেউ এসব কারিগরি শর্ত লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৮ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।
বিআরটিএর এই আইনজীবী বলেন, শুধু বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই সড়কে চলবে। স্লিপার বাস চালানোর জন্য বর্তমানে অনুমতি নেই।
তিনি বলেন, হাইকোর্টও স্লিপার বাস চলাচলের কোনো অনুমতি দেয়নি।









