বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬

প্রাণে বাঁচল সেই ভাইরাল ‘ট্রাম্প’ মহিষ, যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - The viral 'Trump' buffalo survived, according to world media
প্রাণে বাঁচল সেই ভাইরাল ‘ট্রাম্প’ মহিষ, যা বলছে বিশ্ব গণমাধ্যম/ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় অদ্ভুত মিল এবং মাথায় সোনালি চুলের কারণে বিশ্বজুড়ে আলোচনায় আসা বাংলাদেশের ভাইরাল অ্যালবিনো মহিষটি শেষ পর্যন্ত কুরবানি হচ্ছে না। সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় মহিষটিকে উদ্ধার করে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা প্রায় চার বছর বয়সী ও ৭০০ কেজি ওজনের এই বিরল প্রজাতির মহিষটি কুরবানির উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটির দাম নির্ধারণ করা হয়।

তবে মহিষটিকে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় শেষ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পুলিশ কেরানীগঞ্জ থেকে মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে ক্রেতার সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মহিষটিকে আজীবন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার পর নিয়ম অনুযায়ী প্রথমে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে মহিষটিকে।

বিরল জিনগত বৈশিষ্ট্য বা অ্যালবিনিজমের কারণে মহিষটির শরীরের রঙ গোলাপি। আর কপালের সোনালি চুলের কারণে সেটিকে দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক ভাইরাল হয়ে পড়ে।

বিশ্বের বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির কারণে বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি মজার ছলে মহিষটিকে ‘কমান্ডার-ইন-বিফ’ বলে আখ্যা দেয়। তাদের প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ‘ট্রাম্প’ মহিষকে কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

এছাড়া ফ্রান্স ২৪, স্কাই নিউজ, আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরাইল, নিউইয়র্ক পোস্ট, এনডিটিভি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, ডন, টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই মহিষটিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মহিষটিকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে এটিকে বাংলাদেশের “সবচেয়ে আলোচিত কুরবানির পশু” বলেও অভিহিত করছেন।

আরও পড়ুন