বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫

প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়লেন মুশফিক

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -Mushfiqur Rahim
মুশফিকুর রহিম/ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা করলেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন ৩৭ বছর বয়সী এই ‘মিস্টার ডিপেন্ডবল’।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শুধু মাঠে নামাই নয়, নিজের এই ঐতিহাসিক ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ব্যাট হাতেও জ্বলে উঠেছেন তিনি। শততম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অসাধারণ দক্ষতায় তুলে নিয়েছেন অর্ধশতক এবং এখনো অপরাজিত রয়েছেন। দীর্ঘ ক্যারিয়ার জুড়ে তার ধারাবাহিকতা ও পারফরম্যান্স যে কতটা মজবুত, এই ইনিংসটি তারই প্রমাণ।

রিকি পন্টিংয়ের অভিনন্দন বার্তা মুশফিকের এই অভাবনীয় অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি মুশফিকের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

মুশফিকের প্রশংসা করে পন্টিং বলেন, “মুশফিকের জন্য এটি একটি অসাধারণ অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করা চাট্টিখানি কথা নয়। আমি সবসময় বিশ্বাস করি, একজন মানসম্মত ক্রিকেটারকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড হলো দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে তার পারফরম্যান্স ধরে রাখার ক্ষমতা।”

তিনি আরও যোগ করেন, ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজেকে সময়ের সাথে মানিয়ে নেওয়া এবং বদলে ফেলা মোটেও সহজ কাজ নয়। তাই মুশফিকের এই কীর্তি সত্যিই প্রশংসার দাবি রাখে।

ভিডিও বার্তার শেষে পন্টিং বলেন, “শততম ম্যাচে তার জন্য অনেক শুভকামনা রইল। আমি আশা করি, এটি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম সেরা টেস্ট ম্যাচ হয়ে থাকবে।”

দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে থাকা মুশফিকুর রহিম তার এই অর্জনের মাধ্যমে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

আরও পড়ুন