সোমবার ২৪ আগস্ট, ২০২৬

লম্বা চুল ছেঁটে হালান্ডের নতুন লুক, প্রশংসা করলেন প্রেমিকা

রাইজিং স্পোর্টস

RisingCumilla - Haaland sports a new look after cutting his long hair, girlfriend praises it
লম্বা চুল ছেঁটে হালান্ডের নতুন লুক, প্রশংসা করলেন প্রেমিকা/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডকে দেখা গেল একেবারে নতুন লুকে। দীর্ঘদিনের ট্রেডমার্ক লম্বা স্বর্ণালি চুল ছেঁটে এবার ‘বাজ কাট’ দিয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। নতুন মৌসুম শুরুর আগে হালান্ডের এমন আকস্মিক পরিবর্তনে চমকে গেছেন তার ভক্তরা।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন চেহারা প্রকাশ করেন হালান্ড। শুধু নতুন লুক প্রকাশই নয়, চুল কাটার পুরো প্রক্রিয়াও নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন তিনি।

হালান্ড জানান, ২০২৬ বিশ্বকাপের পর চুল কাটার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে ব্যস্ততার কারণে তখন আর সেটি করা হয়ে ওঠেনি। নতুন মৌসুম শুরুর আগে নিজেকে নতুনভাবে শুরু করার ভাবনা থেকেই এবার চুল ছোট করার সিদ্ধান্ত নেন তিনি।

ফুটবল ক্যারিয়ারে হালান্ডের লম্বা স্বর্ণালি চুল তার অন্যতম পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এই বিশেষ চুলের স্টাইলও ভক্তদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিল। তাই হঠাৎ করে তাকে এতটা ছোট চুলে দেখে সতীর্থ ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

চুল কাটার প্রসঙ্গে সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের একটি পরামর্শও মনে পড়েছে হালান্ডের। ইব্রাহিমোভিচ একসময় তাকে চুল না কাটার পরামর্শ দিয়েছিলেন। মজা করে তিনি বলেছিলেন, হালান্ডের শক্তি নাকি তার চুলের মধ্যেই!

চুল কাটার সময় হালান্ডের প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনও উপস্থিত ছিলেন। নতুন চেহারা দেখার পর শুরুতে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেও পরে হালান্ডের নতুন লুকের প্রশংসা করেন। তবে হালান্ড মজা করে জানান, তিনি আরও ‘কঠিন’ বা মিলিটারি ধরনের চেহারা আশা করেছিলেন।

নতুন লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হালান্ডকে নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকদের নানা মন্তব্যের মধ্যেই নিজেও মজা করে হালান্ড বলেছেন, ভাইকিংরা সবসময়ই ছোট চুল রাখে। তাই নিজের এই পরিবর্তন নিয়ে তার কোনো আফসোস নেই।

আরও পড়ুন