
পর্দায় কোনো চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি কখনো কখনো সেটিই হয়ে ওঠে তিক্ত অভিজ্ঞতার কারণ। এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘মির্জাপুর’খ্যাত বাঙালি অভিনেত্রী অনংশা বিশ্বাস।
‘মির্জাপুর’-এর প্রথম মৌসুমে ‘জারিনা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন কলকাতার এই অভিনেত্রী। তবে চরিত্রটির জনপ্রিয়তার পর সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল ও ফোনে একের পর এক কুরুচিকর বার্তা ও অশ্লীল প্রস্তাব পেতে শুরু করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অনংশা। তিনি জানান, সিরিজটির প্রথম মৌসুম মুক্তির পর তার জীবন অনেকটাই বদলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্স থেকে শুরু করে ই-মেইল ও ফোন—সব জায়গাতেই আসতে থাকে আপত্তিকর বার্তা।
অনংশার ভাষায়, ‘প্রথম মৌসুমের পর আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। কারণ তখন সব আমার কাছে নতুন। সোশাল মিডিয়া থেকে ইনবক্স—সর্বত্রই কুরুচিকর ভাষায় মেসেজ আসত। দেখে নিজেই শিউরে উঠতাম।’
এসব বার্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। নিজের কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে করার পরও কেন তাকে এ ধরনের মন্তব্য শুনতে হবে—এমন প্রশ্নও জাগত তার মনে।
অনংশা জানান, কিছু মানুষ পর্দার চরিত্র ও তার বাস্তব জীবনকে এক করে ফেলেছিলেন। এমনকি তাকে সরাসরি যৌন সম্পর্কের বিনিময়ে অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।
অভিনেত্রীর কথায়, ‘আমাকে সরাসরি জিজ্ঞেস করা হতো—একরাতের জন্য তোমার রেট কত। দুদিনের জন্য আমাদের সঙ্গে মরিশাস যাবে?’ এ ধরনের কুপ্রস্তাবে তার ইনবক্স ভরে উঠেছিল।
অনংশার মতে, একজন অভিনেতা পর্দায় যে চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনে তিনি সেই চরিত্র নন। দর্শকদের বিষয়টি বোঝা জরুরি। একই সঙ্গে সমাজে এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন তিনি।
‘মির্জাপুর’-এর ‘জারিনা’ চরিত্রটিকে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখেন অনংশা। তবে চরিত্রটির জনপ্রিয়তার কারণে বাস্তব জীবনে যে হয়রানির মুখে পড়তে হয়েছে, সেটি তার কাছে ছিল অত্যন্ত কষ্টের অভিজ্ঞতা।
এদিকে বড় পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটিতেও জারিনা চরিত্রে দেখা যাবে অনংশাকে। সিনেমাটি মুক্তির আগে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
১৯৯০ সালে কলকাতায় জন্ম অনংশার। সেখানেই তার স্কুল-কলেজের পড়াশোনা। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে মুম্বাই পাড়ি জমান তিনি। সুধীর মিশ্র পরিচালিত ‘খোয়া খোয়া চাঁদ’ সিনেমায় অভিনয় করেছেন অনংশা। মুম্বাইয়ের থিয়েটারেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। নাসিরউদ্দিন শাহ, শেফালি শাহ ও আকাশ খুরানার মতো অভিনয়শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ‘মির্জাপুর’ ছাড়াও ‘হস্টেস’ সিরিজের দুই মৌসুমে দেখা গেছে তাকে। সূত্র: সংবাদ প্রতিদিন










