
ফিফা আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে এবার থাকছে ভিন্নধর্মী উদ্বোধনী আয়োজন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন স্বাগতিক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের প্রস্তুতি চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, কানাডিয়ান সংগীতশিল্পী আলানিস মোরিসেটে ও মাইকেল বাবলে।
এ ছাড়া কানাডার আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতীয় শোবিজ তারকা নোরা ফাতেহির।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচের আগে পারফর্ম করবেন কলম্বিয়ার তারকা জে বলভিন, মেক্সিকান রক ব্যান্ড মানা এবং জনপ্রিয় শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেজ।
এ ছাড়া অনুষ্ঠানে থাকতে পারেন লাতিন পপ তারকা বেলিন্দা, গায়ক-সুরকার লিলা ডাউন্স, দক্ষিণ আফ্রিকার শিল্পী তাইলা এবং জনপ্রিয় সংগীতদল লস অ্যাঞ্জেলেস আজুলেস।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “গোটা বিশ্ব উদ্বোধনের মুহূর্তটি দেখবে। আমরা চাই সেই আয়োজন স্মরণীয় হয়ে থাকুক। ফুটবল ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যাবে।”
১২ জুন দ্বিতীয় ম্যাচে কানাডা মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। সেই ম্যাচে পারফর্ম করার কথা রয়েছে আলানিস মোরিসেটে, মাইকেল বাবলে, আলেসিয়া কারা, জেসি রেয়েজ এবং নোরা ফাতেহির।
একই দিনে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে প্যারাগুয়ের। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সেই ম্যাচের আয়োজনে থাকবেন কেটি পেরি। তাঁর সঙ্গে পারফর্ম করতে পারেন ফিউচার, কে-পপ তারকা লিসা, ব্রাজিলীয় সংগীতশিল্পী আনিতা, রেমা এবং তাইলা।










