সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Every promise made to the people will be implemented to the letter- Prime Minister
ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দায়িত্বে থাকা পর্যন্ত জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং সরকারের সব কর্মসূচি হবে মানুষের কল্যাণে।

সোমবার (২৬ এপ্রিল) যশোর জেলার শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রান্নার কষ্ট লাঘবে মা ও বোনদের এলপিজি গ্যাসের কার্ড করে দেয়া হবে।

পাশাপাশি নারী শিক্ষাকে এগিয়ে নিতে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে।

তিনি আরও অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। এসব বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি শার্শা উপজেলার অনুষ্ঠান শেষে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি নেন। পরে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

দিনশেষে যশোর বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসে এটি তার দ্বিতীয় যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে একটি বড় জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুন