রবিবার ৩১ মে, ২০২৬

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে, সাধারণ বাসিন্দারা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Terrorists will be evicted from Salimpur jungle, not ordinary residents- Home Minister
জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে, সাধারণ বাসিন্দারা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী/ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফল হিসেবে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিস্তার ঘটেছে। তবে সেখানে বসবাসরত সাধারণ মানুষকে উচ্ছেদ করা হবে না, বরং সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করা হবে।

রবিবার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন প্রশাসনিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুর থেকে কোনো সাধারণ অধিবাসীকে উচ্ছেদ করা হবে না। কিন্তু এখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণকে নিরাপদ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা ও রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”

জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি খাস জমিতে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

তিনি বলেন, “এখানে বসবাসরত সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি করা হবে না। তবে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।”

এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন