
স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হবে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে ১০ মাস থেকে এক বছর—এমন তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা করছে না। বর্তমান কাঠামো বহাল রেখেই স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালনা করা হবে।
সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক কারাগারে রয়েছেন, তাদের মধ্যে কিছু ক্ষেত্রে অপরাধ অত্যন্ত গুরুতর। তবে সরকারের লক্ষ্য—কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে কারাগারে না থাকেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে এখনো জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে, এবং এ বিষয়ে সরকার সতর্ক অবস্থানে আছে।
হামের টিকা কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, ইতোমধ্যে প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৩০০ শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে হামের টিকা নিয়ে কোনো সংকট হবে না বলেও আশ্বাস দেন তিনি।
টিকা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।








