
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই সারাদেশে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করবে।
রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন এ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা তথ্য অফিস, কুমিল্লার উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, সরকার দেশের প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে ১৬ মে চাঁদপুরে আরও ২০ জেলায় ১৫ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
জাকারিয়া তাহের বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে। এতে প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৪৯৮ জন ক্ষুদ্র কৃষক উপকৃত হবেন এবং ১ হাজার ৫৬৮ কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে।
তিনি জানান, নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে চালক থেকে হেল্পার পর্যন্ত সবাই নারী থাকবেন। পাশাপাশি নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও স্বাস্থ্যসেবায় আরও গুরুত্ব দেওয়া হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আরও জানান, ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্তদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, অধ্যক্ষ, পালক/যাজকসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করছে বর্তমান সরকার।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা।
সমাবেশে স্থানীয় নারী সমাজ, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।









