
কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১ জুন) নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়।
২ নম্বর ওয়ার্ডের ছোটরা কাউন্সিলর অফিসের সামনে থেকে শুরু হয়ে জংলি বিবি মসজিদ রোড, মগবাড়ী বাজার, সাবেক কাউন্সিলর বিল্লাল ভাইয়ের বাড়ির সড়ক, ম্যাজিস্ট্রেট কলোনি, নির্বাচন অফিস, উকিলপাড়া, মগবাড়ী চৌমুহনী এবং মালেকা মমতাজ স্কুল রোড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ী গ্রীন রোডের একাংশ, কালিয়াজুড়ী প্রাইমারি স্কুল রোড এবং কালিয়াজুড়ী বড় বাড়ি এলাকায়ও অভিযান চালানো হয়।
অপরদিকে ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া, আব্দুর রহমান খন্দকার রোডের উভয় পাশ এবং চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুল রোড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
নগরীর আবাসিক ও বাণিজ্যিক এলাকার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানেও এ কার্যক্রমের আওতা বিস্তৃত করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস), পুলিশ সুপারের কার্যালয় (এসপি অফিস), এলজিইডি অফিস এবং জেলা জজ আদালত প্রাঙ্গণে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









