শুক্রবার ১ মে, ২০২৬

কুমিল্লার দুই বাস টার্মিনালে আধুনিক গোসলখানা নির্মাণের ঘোষণা সিটি কর্পোরেশনের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - City Corporation announces construction of modern bathrooms at two bus terminals in Comilla
কুমিল্লার দুই বাস টার্মিনালে আধুনিক গোসলখানা নির্মাণের ঘোষণা সিটি কর্পোরেশনের

কুমিল্লার পরিবহন শ্রমিকদের জন্য শাসনগাছা ও জাঙ্গালিয়া বাস টার্মিনালে আধুনিক মানের দুটি গোসলখানা নির্মাণের ঘোষণা দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। একই সঙ্গে শ্রমিকদের জন্য বিশ্রামাগারসহ উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এবারের প্রতিপাদ্য ছিল— “সুস্থ শ্রমিক দক্ষ হাত – নতুন দিনের অঙ্গীকার”।

তিনি বলেন, নগরীর ভেতরে জায়গার সংকট থাকায় শাসনগাছা বাস টার্মিনালকে আলেখারচর বিশ্বরোড এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। সেখানে আধুনিক টার্মিনাল ভবনের পাশাপাশি শ্রমিকদের জন্য গোসলখানা ও বিশ্রামাগার নির্মাণ করা হবে। একইভাবে জাঙ্গালিয়া বাস টার্মিনালেও আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।

প্রশাসক টিপু আরও জানান, পদুয়ার বাজার এলাকায় ট্রাকচালকদের জন্য আলাদা আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে নগরীর ব্যাটারিচালিত অটো ও মিশুক যানবাহন নিবন্ধনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

আরও পড়ুন