বুধবার ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে মেঘনা উপজেলায় নারী সমাবেশ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Womens gathering in Meghna Upazila organized by the Comilla Information Office.
কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে মেঘনা উপজেলায় নারী সমাবেশ

সরকারের অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লার মেঘনায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মেঘনা উপজেলার লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (এপিএ) কর্মসূচির আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সভাপতি মো. বাহাউদ্দিন হাউদ, লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজ্জামেল হক, প্যানেল চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম এবং কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।

সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের এসব কর্মসূচি সম্পর্কে অবহিত করার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে সরকার ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধের বিকাশ, গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এসব কর্মসূচির উদ্দেশ্য, সম্ভাব্য সুফল এবং বাস্তবায়নে জনগণের করণীয় সম্পর্কে উপস্থিত নারীদের ধারণা দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বক্তারা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত অপসারণ করতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।

নারী সমাবেশে স্থানীয় বিপুলসংখ্যক নারী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন