
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় চট্টগ্রাম মেট্রো-১১-৪৫১৩ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতরে থাকা দুটি চটের বস্তা থেকে ১২টি পোটলায় মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে গাঁজা ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. দুলাল (৩৮)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিস্ত্রিবাড়ির মইনুল ইসলামের ছেলে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।










