
সম্পর্কের ক্ষেত্রে বয়সের ব্যবধান নতুন কোনো বিষয় নয়। দীর্ঘদিন ধরেই নিজের চেয়ে বেশি বয়সী পুরুষের প্রতি নারীদের আকর্ষণের কথা আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক সময়ে সমবয়সীদের মধ্যে সম্পর্ক গড়ার প্রবণতাও বেড়েছিল।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ভিন্ন এক প্রবণতা—সমবয়সী তরুণদের পরিবর্তে মিলেনিয়াল পুরুষদের সঙ্গী হিসেবে বেশি পছন্দ করছেন জেন জি প্রজন্মের তরুণীরা। জেনে নিন এর পেছনের কারণগুলো-
মানসিক পরিপক্বতা ও আবেগের স্থিতিশীলতা
সম্পর্কের ক্ষেত্রে বয়সের চেয়ে ব্যক্তির মানসিকতা ও আচরণ বেশি গুরুত্বপূর্ণ। জেন জি প্রজন্মের অনেক তরুণী সম্পর্কে স্বচ্ছতা, আবেগের গুরুত্ব এবং পারস্পরিক বোঝাপড়াকে প্রাধান্য দেন। তাঁদের কাছে সঙ্গীর মানসিক পরিপক্বতা ও কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
মিলেনিয়াল প্রজন্মের পুরুষদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাঁদের সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক বাস্তববাদী করে তুলতে পারে। ফলে মতবিরোধ কিংবা জটিল পরিস্থিতিতে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাঁদের প্রতি আকর্ষণের একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
খোলামেলা যোগাযোগ ও প্রতিশ্রুতি রক্ষার প্রবণতা
একটি সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হলো পারস্পরিক যোগাযোগ ও বিশ্বাস। সঙ্গীর সঙ্গে নিজের অনুভূতি খোলামেলাভাবে প্রকাশ করা, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা—এসব গুণ সম্পর্ককে আরও দৃঢ় করে।
বয়সে বড় পুরুষদের জীবনের অভিজ্ঞতা বেশি থাকায় তাঁরা সম্পর্কের বিভিন্ন পরিস্থিতি বুঝতে এবং সিদ্ধান্ত নিতে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। তবে পরিণত মানসিকতা কেবল বয়সের ওপর নির্ভরশীল নয়। বরং মতবিরোধের সময় শান্ত থাকা, সঙ্গীর মতামতকে সম্মান করা এবং দায়িত্বশীল আচরণ করাই প্রকৃত পরিপক্বতার পরিচয়।
ডিজিটাল যোগাযোগনির্ভর বর্তমান সময়ে সম্পর্কের শুরু যেমন সহজ হয়েছে, তেমনি ভুল বোঝাবুঝি ও অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে তরুণ প্রজন্মের কেউ কেউ আবেগের টানাপোড়েনের পরিবর্তে স্থিতিশীল ও নির্ভরযোগ্য সম্পর্ক খুঁজছেন।
আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা
বয়সে বড় পুরুষদের প্রতি আকর্ষণের পেছনে আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টিও আলোচনায় রয়েছে। জেন জি নারীদের অনেকেই আর্থিক নিরাপত্তা খোঁজেন। অধিকাংশই সঙ্গী কী ভাবছেন, সম্পর্কের ভবিষ্যৎ কী, কিংবা নিজের অবস্থান কোথায়-এই বিষয়গুলো যাচাই করেই সম্পর্কে যেতে পছন্দ করেন।
তবে মানসিক পরিপক্বতা বা দায়িত্বশীলতা শুধু বয়সের ওপর নির্ভর করে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত অভ্যাসের বিষয়।










