রবিবার ২৬ জুলাই, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ল ইউএনওর বসতঘর

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ল ইউএনওর বসতঘর
কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ল ইউএনওর বসতঘর/ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের বসতঘর।

রোববার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের ভেতরে থাকা প্রায় সব মূল্যবান মালামাল পুড়ে যায়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী হাসান।

জানা গেছে, কাজী আতিকুর রহমান বর্তমানে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সদস্যরা হঠাৎ ইউএনওর বসতঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ঘরের ভেতরের প্রায় সব আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।

বাড়ির বাসিন্দা হাবিবুর রহমান জানান, পরিবারের সদস্যরা দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ ঘরের সামনের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে ইউএনওর বৃদ্ধা মা ও পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ঘটনাস্থলে যাওয়ার সড়ক ভাঙা থাকায় পৌঁছাতে কিছুটা সময় বেশি লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। আত্মীয়-স্বজন ফোন করে তাঁকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান। তিনি বলেন, বাড়িতে তাঁর বৃদ্ধা মা, ভাবি ও ছোট ছোট শিশুরা ছিলেন। ঘরের সামনের কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুরো টিনসেড বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরের সব মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন