রবিবার ১০ মে, ২০২৬

কুমিল্লায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা মামলা, জামিন চাইতে এসে কারাগারে স্বামী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - University student commits suicide in Comilla, main accused in jail
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা, প্রধান আসামি কারাগারে/ছবি: সংগৃহীত

কুমিল্লায় বেসরকারি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার আত্মহত্যার প্ররোচনার মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত মামলার প্রধান আসামি ও ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য চার আসামিকে জামিন দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে কুমিল্লার ১নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তারা আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তাফসীরুল আলম জানান, আলোচিত এ ঘটনায় প্রধান আসামির জামিন হলে অপরাধ প্রবণতা বাড়তে পারে— এমন যুক্তি আদালতে উপস্থাপন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমর্ত্য মজুমদার বলেন, আদালতের নথি হাতে পাওয়ার পর প্রধান আসামি মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুলাই।

নিহত ফারিহার বাবা মো. হানিফ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের পর তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা হিসেবে ঘটনাটি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার একটি বাসা থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন