বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬

এক দিন ছুটি নিলেই চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - govt holiday
ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে এক দিনের ব্যক্তিগত ছুটি মিলিয়ে এ সুযোগ নেওয়া যাবে।

আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে কেউ ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ব্যক্তিগত ছুটি নিতে পারলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও একইভাবে এ সুবিধা নিতে পারবেন।

তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য নাও হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন