সোমবার ১১ মে, ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬৯ মোবাইল কোর্ট, তিন ধাপে গার্মেন্টস ছুটি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - eid vacation
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গত ঈদযাত্রার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, এবার ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়বে। ফলে সড়ক ও মহাসড়কে বাড়তি চাপ তৈরি হবে। বিশেষ করে বৃষ্টি হলে যানজটের আশঙ্কা বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, পশুর হাটকে কেন্দ্র করে ঈদযাত্রা ব্যবস্থাপনায় বাড়তি চ্যালেঞ্জ থাকবে। এ পরিস্থিতি সামাল দিতে বাসের সংখ্যা বাড়ানো হবে এবং সড়ক ও মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

গার্মেন্টস শ্রমিকদের জন্য সুখবর দিয়ে মন্ত্রী জানান, এবার তিন ধাপে ছুটি দেওয়া হবে, যাতে একসঙ্গে অতিরিক্ত যাত্রীচাপ না পড়ে।

সোমবার (১১ মে) ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে নেওয়া সিদ্ধান্ত নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনা রোধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। জানান, গত ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে হাইওয়েতে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। এবারে দুর্ঘটনা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে সরকার।

ফেরি চলাচল নিয়েও কড়াকড়ির কথা জানিয়ে তিনি বলেন, যাত্রী নামানো ছাড়া কোনো বাস ফেরিতে উঠতে পারবে না। এ বিষয়ে কঠোর মনিটরিং থাকবে।

এছাড়া ঈদকে কেন্দ্র করে সদরঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোট ও স্পিডবোট ব্যবহার করে কেউ যাতে অনিরাপদভাবে নৌযানে উঠতে না পারে, সেজন্য নৌ পুলিশের সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন