
২০২৬-২৭ করবর্ষে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা পাওয়া যাবে। তবে সময় পার হওয়ার পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এনবিআর প্রকাশিত এক নির্দেশনায় করদাতাদের জন্য ই-রিটার্ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এবং নতুন ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রশ্ন: অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল কি সবার জন্য বাধ্যতামূলক?
উত্তর: ২০২৬-২৭ করবর্ষে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশ্ন: নির্ধারিত সময়ে ই-রিটার্ন দাখিল করলে কি কোনো কর ছাড় বা সুবিধা পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, সময়মতো রিটার্ন জমা দিলে কর প্রণোদনা রয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর ছাড় বা প্রণোদনা মিলবে। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর কোনো অতিরিক্ত ফি বা প্রণোদনা ছাড়া স্বাভাবিক নিয়মে রিটার্ন দাখিল করা যাবে।
প্রশ্ন: নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে কি অতিরিক্ত কর বা জরিমানা দিতে হবে?
উত্তর: নির্ধারিত সময় পার হলে অতিরিক্ত কর প্রদেয় হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ নিট প্রদেয় করের ওপর ২ শতাংশ (সর্বনিম্ন ৩,০০০ টাকা) অতিরিক্ত কর যুক্ত হবে। ১ এপ্রিল থেকে ৩০ জুন নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বনিম্ন ৫,০০০ টাকা) অতিরিক্ত কর দিতে হবে।
প্রশ্ন: সঞ্চয়পত্রের আয় দেখানোর জন্য কি এবার আলাদা সনদ প্রয়োজন হবে?
উত্তর: না, ২০১৯ সালের ১ জুলাইয়ের পর কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে আলাদা সনদের প্রয়োজন নেই। ই-রিটার্ন সিস্টেমে থাকা ‘Import From NSD’ বাটনে ক্লিক করলেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হয়ে যাবে।
প্রশ্ন: অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পর কাগজপত্রের সার্টিফাইড কপি বা প্রাপ্তিস্বীকারপত্র কীভাবে পাওয়া যাবে?
উত্তর: রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে এবং সিস্টেমে প্রাপ্তিস্বীকারপত্র ও ট্যাক্স সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। করদাতারা যে কোনো সময় ওয়েবসাইট থেকে এগুলোর কপি প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।
প্রশ্ন: ই-রিটার্ন এ আমি কর পরিশোধ করেছি, আমার অ্যাকাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কীভাবে রিটার্ন দাখিল করব?
উত্তর: আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
প্রশ্ন: অনলাইনে দাখিল করা রিটার্নে ভুল হয়ে থাকলে কীভাবে তা সংশোধন করব?
উত্তর: অনলাইনে দাখিল করা রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে সংশোধিত রিটার্ন একবার দাখিল করা যাবে।
প্রশ্ন: আমি ৮ মাস ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ৪ মাস সাতক্ষীরায় চাকরি করেছি। আমি লোকেশনে কোন অপশন সিলেক্ট করব?
উত্তর: আপনি ঢাকা উত্তর সিটি করপোরেশন সিলেক্ট করবেন।
প্রশ্ন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরি হিসেবে বিবেচিত হবে?
উত্তর: বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।
প্রশ্ন: অনলাইনে রিটার্ন দাখিল করলে আমার তথ্য কী নিরাপদ থাকবে?
উত্তর: আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।
প্রশ্ন: অনলাইনে রিটার্ন দাখিল করলে রিটার্নের সার্টিফাইড কপি কি পাওয়া যায়?
উত্তর: হ্যাঁ, পাওয়া যাবে। ডিসিটি সার্টিফাইড কপি দেবে।
প্রশ্ন: গাড়ির কর সমন্বয় হচ্ছে না। করণীয় কি?
উত্তর: আপনি গাড়ির জন্য ০১-০৭-২০২৫ হতে ৩০-০৬-২০২৬ এই সময়ের মধ্যে পরিশোধিত করের ব্যাংক স্লিপে উল্লিখিত ট্রানজেকশন আইডি ব্যবহার করলে সমন্বয় হবে। ০১-০৭-২০২৫ এর পূর্বে বা ৩০-০৬-২০২৬ এর পরে পরিশোধিত কর এই বছরে দাখিলকৃত রিটার্নে সমন্বয় হবে না। এক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
প্রশ্ন: গত বছরে আমি দুটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। দুটি চাকরির আয় কীভাবে প্রদর্শন করব?
উত্তরঃ Employment income section এ Add Employment হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন।
প্রশ্ন: স্বর্ণ ও অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করব?
উত্তর: না, পূর্ববর্তী বছরে প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে।
প্রশ্ন: আমি একজন নারী, কিন্তু পুরুষ হিসেবে আমার কর পরিগণনা হচ্ছে। এর কারণ কি এবং করণীয় কি?
উত্তর: টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার Gender ভুলবশত Male সিলেক্ট হওয়ায় এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে Edit/Correct/Update অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN option এ ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।









