
আগামী পাঁচ বছরে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহীদ মারুফ স্টেডিয়াম-এ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, তা প্রথম এক সপ্তাহেই মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আজকে হয়তো মাত্র ২২ হাজার কৃষককে কৃষক কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। কিন্তু পর্যায়ক্রমে ইনশাল্লাহ, সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








