
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে প্রবেশ করে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) ব্যবহার করে ফলাফল ডাউনলোড ও প্রকাশ করতে পারবে।
অন্যদিকে, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।
এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC, এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা পত্রিকা অফিস থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরিবর্তন হয়েছে ফল প্রকাশের তারিখ
এর আগে পূর্বঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে পরবর্তী সময়ে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গত ২৭ অক্টোবর নতুন তারিখের বিষয়টি জানান।
উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।










