
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৮ থেকে ৩০ এপ্রিল ২০২৬ সময়কালে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় অববাহিকা অঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে কৃষি বিভাগ হাওড় অঞ্চলের প্রায় ৮০ শতাংশ পরিপক্ক ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য ২৮ এপ্রিলের মধ্যে জরুরি নির্দেশনা প্রদান করে।
তবে হাওড়ে পানি জমে থাকায় হারভেস্টার মেশিন ব্যবহার ব্যাহত হওয়া এবং কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। এমন অবস্থায় তাদের সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা।
এর অংশ হিসেবে গত ২৭ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের হবতপুর হাওড়ে ৩৫ জন ভিডিপি সদস্য দুইজন কৃষকের প্রায় তিন একর জমির পাকা ধান কেটে দেন। জেলার অন্যান্য উপজেলাতেও একই ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে নেত্রকোনার হাওড়বেষ্টিত মদন উপজেলায় টানা বৃষ্টিতে পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উচ্চমূল্যের শ্রমিক দিয়ে ধান কাটতে অক্ষম দরিদ্র কৃষকদের সহায়তায় আনসার-ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমভিত্তিক কর্মসূচি গ্রহণ করেন।
এর ধারাবাহিকতায় ২৮ এপ্রিল মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে দরিদ্র কৃষক হারুক উদ্দিনের ১২ শতাংশ জমির পাকা ধান কেটে দেন ভিডিপি সদস্যরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রাকৃতিক দুর্যোগের এই সংকটময় সময়ে হাওড় অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট জেলার ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।








