শুক্রবার ১ মে, ২০২৬

হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশী হজযাত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

তিনি জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে অবশিষ্ট ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন। পুরো কার্যক্রম পরিচালনায় রয়েছে ৬৬০টি হজ এজেন্সি—এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন, এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে, ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

আরও পড়ুন